ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৭ রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতভর এই সংঘর্ষে পুলিশের ৫ সদস্যও নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, দেশটির পশ্চিমাঞ্চলের এই প্রদেশের পুলিশের ২৪টি পোস্ট লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা একটি সেনা ঘাঁটি গুড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল।
রাখাইনের পরিস্থিতি নিয়ে কফি আনান কমিশনের প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে বড় ধরনের এই সমন্বিত হামলার ঘটনায় সঙ্কট নতুন মাত্রা পেল।
মিয়ানমার সরকারের বিবৃতির বরাত দিয়ে মিজিমার খবরে বলা হয়, রোহিঙ্গা গেরিলাদের সঙ্গে স্থানীয় গ্রামবাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ পোস্ট ঘিরে ফেলে এই হামলা চালায়। তাতে পাঁচ পুলিশ সদস্য এবং অন্তত সাতজন হামলাকারী নিহত হন।
ভোর ৩টার দিকে প্রায় দেড়শ হামলাকারী খামারা এলাকায় একটি সেনা ক্যাম্পে ঢোকার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে পিছিয়ে যায় বলে জানানো হয়েছে সরকারের বিবৃতিতে।
২০১৬ অক্টোবরে রাখাইনে সর্বশেষ বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময়ে বিচ্ছিন্নতা বাদীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হন বলে মিয়ানমার কর্তৃপক্ষ দাবি করে।
পরে মুসলিম সংখ্যালঘু রাখাইনে দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় তাদের বিরুদ্ধে বহু মুসলিমকে হত্যা, বাড়িঘরে আগুন ও নারীদের ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ওঠে।
জীবন বাঁচাতে নতুন করে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা নাফ নদী পার হয়ে বাংলাদেশের কক্সবাজারে অবস্থান নেয়। ওই ঘটনায় জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে।


























