ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ০৩ অক্টোবর, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিজিটাল মাধ্যমে জরুরি ৬১টি ফাইল ছেড়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সকালে ওয়াশিংটন থেকে ফোনে বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গুরুত্বপূর্ণ ৬১টি ইলেকট্রনিক ফাইল (ই-মেইল) ছেড়েছেন।’
তিনি বলেন, এসব ফাইলের মধ্যে তাঁর যুক্তরাষ্ট্রে অবস্থানে শেষ দিন সোমবার ১৬টি জরুরি ই-ফাইল ছেড়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটালাইজেশনের সুবাদে নির্দেশনা অনুসরণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জরুরি ফাইলগুলো ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেন।’
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ঢাকায় তাঁর অফিসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছেন এবং বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশ সময় আজ সকালে (ওয়াশিংটন সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে) যুক্তরাষ্ট্রে তাঁর ১৬ দিনের সরকারি সফর শেষে লন্ডন হয়ে দেশে ফেরার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেছেন।
লন্ডনে তিনদিন অবস্থানের পরে প্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন।
শেখ হাসিনা ইউএনজিএ’র ৭২তম অধিবেশনে যোগদানের পরে ২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান।
ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পরে লন্ডন হয়ে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিলো। তবে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ায় ওই তারিখ পরিবর্তন হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।


























