ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

চেকের মামলায় যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানকে এক বছরের কারাদন্ড দিয়ে বিচারিক আদালতের দেয়া রায় বহাল রেখেছে হাইকোর্ট।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আরিফুরের আপিল খারিজ করে বিচারপতি রইস উদ্দিনের হাইকোর্টের একক বেঞ্চ আজ এ আদেশ দেয়।
আদালতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী এএফ হাসান আরিফ। আরিফুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন লস্কর।
মামলার বিবরণে জানা যায়, ছয় বছর আগে বোরাক রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে নগদ ১৫ কোটি টাকা গ্রহণ করেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরিফুর রহমান। ওই টাকার বিপরীতে তিনি সমপরিমাণ টাকার চেক দেন। পরবর্তী সময়ে ওই চেক ব্যাংকে দিলে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত (বাউন্স) আসে। ওই ঘটনায় ২০১২ সালে ম্যাজিস্ট্রেট আদালতে চেক প্রতারণা মামলা করে বোরাক রিয়েল এস্টেট কোম্পানি।
বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৬ সালের ২৪ জানুয়ারি ওই মামলার রায় হয়। রায়ে বিচারিক আদালত এনআই অ্যাক্ট ১৩৮ ধারা মোতাবেক আরিফুর রহমানকে এক বছরের কারাদন্ড ও ৫০ লাখ টাকা জরিমানাসহ ১৫ কোটি ৫০ লাখ টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়।
এর বিরুদ্ধে আপিল করে আরিফুর রহমান। বাদী পক্ষের আইনজীবী এস এম বকস কল্লোল সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের রায়ের পর তিনি সাড়ে সাত কোটি টাকা পরিশোধ করেছিলেন। এখন বাকী টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে তার দন্ড বহাল থাকবে।


























