ময়মনসিংহ ব্যুরো, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহ শহরের মিলনবাগে নাসিরাবাদ কলেজ মাঠ এলাকায় মইনউদ্দিন আহম্মেদের বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে আটক করেছে র্যাব। বুধবার ভোরে এ অভিযান চালানো হয়। আটক দু’জন হলেন- সোহেল মিয়া (২২) ও হাবিব (২৫)। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি র্যাব।
র্যাব কর্মকর্তা শরিফুল বলেন, আটকরা মইনউদ্দিনের বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে অস্ত্র তৈরি ও বিক্রি করছিলেন। গোপনে খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালান।একটি ঘরের চৌকির ওপর থেকে উদ্ধার করা হয়েছে চারটি পিস্তল, সাতটি গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম।
তবে ‘অস্ত্র তৈরি ও ব্যবসার হোতা’ বাড়ির মালিকের ছেলে নূরুদ্দিন পালিয়ে গেছে বলে তিনি জানান।ধারণা করা হচ্ছে, ওই কক্ষটিতেই পিস্তল তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো।
শরিফুল ইসলাম আরও জানান, অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান অব্যাহত রয়েছে। পরে সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানানো হবে।


























