ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

পানির মর্টার চুরির চেষ্টা কালে ধৃত যুবক কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে (২৫ সেপ্টেম্বর) সোমবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে।
নিহত সাগর মিয়া (১৮) ময়মনসিংহের রেলওয়ে বস্তির নাটকঘরলেন সিহাব উদ্দিন শিপন মিয়ার ছেলে।
জানা গেছে, ঘটনার দিন দুপুরে উল্লেখিত এলাকার গাউছিয়া মৎস্য প্রজনন কেন্দ্রের একটি পানির মর্টার চুরির চেষ্টাকালে ১৮ বছরের এক যুবক জনতার হাতে ধরা পড়ে।
মৎস্য প্রজনন কেন্দ্রের মালিক আক্কাস আলী ও তার লোকজন ওই কিশোরকে গাছ ও রড-সিমেন্টের তৈরি খুঁটিতে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালায়।

এলাকাবাসীর অভিযোগ, নির্যাতনের সময় ছেলেটি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলে। পানি খেতে চাইলেও তাকে পানি দেয়া হয়নি। এরপর ছেলেটিকে চরশ্রীরামপুরের হামেদ আলীর ছেলে আহাম্মদ আলীর অটোগাড়িতে করে ময়মনসিংহের দিকে নিয়ে যায়।
ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, “অনেকের মোবাইল ফোনে খুঁটিতে বাঁধা রক্তাক্ত কিশোরের মাথা নিচের দিকে হেলে পড়া ছবিটি আমি দেখেছি। অত্যন্ত নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”



























