ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২ আগষ্ট, ২০১৭ ।

আজ বুধবার দেশের প্রথম মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের কাজ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । রাজধানীর আগারগাঁও পয়েন্টে মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) নামের এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন তিনি।
প্রকল্প সূত্রে জানা গেছে, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় সিপি-০৩ প্যাকেজটি হলো- উত্তরা-উত্তর থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের জন্য আর সিপি-০৪ হলো পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্র্যাক ও এলিভেটেড স্টেশন নির্মাণের জন্য।
এমআরটি লাইন- ৬ হচ্ছে এলিভেটেড মেট্রোরেল সিস্টেম। রাজধানীর উত্তরা থেকে মিরপুর ও ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত এ মেট্রোরেল ১৬টি স্টেশনে থামবে। দ্রুতগতির এ মেট্রোরেল প্রতি চার মিনিট পরপর একটি স্টেশনে থামবে এবং প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে। গত ৪ মে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানি ও সিনোহাইড্রো কর্পোরেশনের সাথে এ লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়।


























