ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সোমবার (২৮ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস।
গতবারের চেয়ে পুলিশ এবার আরও কঠোর হবে। বিধিনিষেধ চলাকালে জরুরি প্রয়োজনে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। মুভমেন্ট পাস ছাড়া কাউকে বের হতে দেবে না পুলিশ। পাড়া-মহল্লার মোড়ে মোড়ে থাকবে পাহারা। তবে এই পাস সবাইকে দেওয়া হবে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হবে।
আজ শনিবার (২৬ জুন) মুভমেন্ট পাসের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর বৈঠক করে নির্দেশনা জারি করবে।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা জানান, লকডাউনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ থাকবে সেগুলো বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ পুলিশ। আপাতত আগের মতোই মুভমেন্ট পাস নিতে হবে।
এদিকে, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেয়া হবে না। প্রত্যেক মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ। বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।’
এর আগে শুক্রবার রাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এ সময়ে দেশের সব অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবে না। শুধু জরুরি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।


























