ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

মাশরাফি বিন মুর্তজা যতদিন ইচ্ছা ততদিন ওয়ানডে খেলে যাবেন বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড তাকে নেতৃত্ব থেকে সরাবে না বলেও জানালেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটে এখনো মাশরাফির বিকল্প তৈরি হয়নি বলে মন্তব্য তার। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি। ওয়ানডেতে কতদিন খেলবেন তা নিয়ে সম্প্রতি প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, আমার আগের কথোপকথনের পুরোটা গণমাধ্যমে আসেনি। যতটুকু এসেছে তা শুনে মনে হয়েছে আমরা বুঝি মাশরাফিকে বাদ দিতে তৎপর। আসলে তা মোটেই সত্য নয়, আর এ ধরনের সংবাদ মাশরাফি ও আমাদের জন্য বিব্রতকর। এ মুহূর্তে অধিনায়ক মাশরাফিকে বাদ দেয়ার প্রশ্নই ওঠে না।
মাশরাফির প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, সম্ভবত মাশরাফি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। এক কথায় মাশরাফির সামর্থ্য নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। আর পেস বোলার মাশরাফিও দলের অন্যতম সেরা পারফর্মার। তার চেয়ে বড় কথা অধিনায়ক হিসেবে এই মুহূর্তে তার বিকল্প কেউ নেই।
তবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টি নিয়ে বেশ চাপে আছেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
সম্প্রতি ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘প্রায় প্রতিটি সিরিজের প্রথম দুটি ম্যাচের পর আমাকে সরানোর জন্য বলা হয়। এভাবে খেলাটা কঠিন। জানি, সিরিজের দুটি ম্যাচের পর আমাকে সরাতে বলা হবে। এটি একটি চ্যালেঞ্জ। আমি তা গ্রহণ করেছি।’
মাশরাফি আরও বলেন, ‘যেমন গত মে’তে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আমি নিউজিল্যান্ডের বিপক্ষে ৬.৩ ওভারে ৫৮ রান দিয়েছিলাম। অনুভব করি, আমার বোলিংটা ঠিকঠাকমতো হয়নি। তাই পরেরদিন নেটে বেশি সময় কাটানোর পর প্রধান কোচ এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সামনেও বোলিং করি। দু’জনের সঙ্গে কথা বলি। এরপর নেটে নিজের সমস্যা দূর করি। যথাসাধ্য চেষ্টা করছি। কিন্তু এমন পরিস্থিতিতে ক্রিকেট খেলা কঠিন।’


























