রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকার মানব পাচারকারী রফিকুল ইসলাম সোহেল ওরফে আর আই সোহেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছনকান্দা এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের পরিবারবর্গ।
শনিবার বেলা ২টার দিকে ছনকান্দার জামাল উদ্দিনের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মুন্নী বেগম ও মোঃ সেলিম হোসেন। লিখিত বক্তব্যে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ছনকান্দা এলাকার মৃত আলফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম সোহেল ওরফে আর আই সোহেল তিনি আদম ব্যবসার অন্তরালে মানব পাচারকারী সংঘবদ্ধ দলের সাথে জড়িত। তিনি আমার সম্পর্কে চাচা হন। সে আমার পরিবারকে ফুসলিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বিগত ০১/০৩/২০১৭ইং সালে ৫ লাখ টাকা নেয়। পরে সে টাকা নিয়ে মালয়েশিয়া না পাঠিয়ে দালালের মাধ্যমে বিগত ১৮/০৩/২০১৭ইং তারিখে লিবিয়াতে পাচার করে দেয়। সেখানে ৫ মাস নির্যাতিত হই। পরে ওই দালাল চক্র আমার পরিবারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করে আবারও ২ লাখ টাকা দাবী করে।
তাদের দাবীকৃত টাকা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ওই দালালের মাধ্যমে বাংলাদেশে ফিরে আসি। এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের স্ত্রী মুন্নী বেগম বাদী হয়ে মানব পাচারকারী দালাল চক্রের সদস্য রফিকুল ইসলাম সোহেল ও তার স্ত্রী ফাহিমা ইসলামকে আসামী করে বিজ্ঞ মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল জামালপুরে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত হতে মামলাটি জামালপুর সদর থানায় প্রেরণ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ১৫/০৯/২০১৭ইং তারিখে মামলাটি এফ.আই.আর ভুক্ত করেন।
সে প্রেক্ষিতে মামলার আসামী রফিকুল ইসলাম সোহেল ওরফে আর আই সোহেলকে ২১/০৯/২০১৭ইং তারিখে জামালপুর থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। তিনি জেলে থাকার পরও তার লোকেরা ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের পরিবারকে মামলা তোলে নেয়ার জন্য নানাভাবে হুমকি প্রদান করে আসছে।


























