spot_img

মহেশপুরে ভুমিহীনরা দেন জমির খাজনা আর চাষ করে খায় ইউপি মেম্বার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ,

জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

ঝিনাইদহের মহেশপুরে ৪০ শতক খাস জমির খাজনা দেয় ভুমিহীনরা, আর জোর পুর্বক জমি দখলে নিয়ে চাষ করে খাচ্ছেন আব্দুল্লাহ স্বপন নামে কাজিরবেড় ইউনিয়নের মেম্বর। তথ্যানুসন্ধানে জানা গেছে, মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের ভুমিহীন মসলেম উদ্দিন ও সৈয়দ আলী ২০১১ সালে ৪০ শতক খাস জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। কিন্তু এই জমি তাদের দখল নিতে দিচ্ছেন না মেম্বর আব্দুল্লাহ স্বপন। জমি দখল করতে গেলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ভয় দেখানো হয়েছে। অথচ প্রতি বছর তারা জমির খাজনা ও কর দিচ্ছেন। সরকারকে এককালীন টাকাও পরিশোধ করেছেন।

ভুমিহীন সৈয়দ আলী জানান, তিনি মহেশপুরের সামন্তা বাজারে চায়ের দোকান দিয়ে জীবীকা নির্বাহ করেন। সরকার ভুমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত দিচ্ছেন এমন খবর পেয়ে তিনি ও একই গ্রামের মসলেম উদ্দীন ২০১১ সালে জমি বন্দোবস্ত চেয়ে আবেদন করেন। সরকারের পক্ষ থেকে তিনি সামন্তা গোপালপুর মৌজায় ০১ নম্বর খতিয়ানের সাবেক ৪৩৬/৪৩৭ দাগের ১৫ শতক জমি ৯৯ বছরের জন্য বন্দোবস্ত পান। আর মসলেম উদ্দিন একই নিয়মে পান ২৫ শতক জমি।

সৈয়দ আলী আরো জানান, এই জমি বন্দোবস্ত পেয়ে তারা দু’জনই দখলে নিয়ে ধান চাষ করতে যান। কিন্তু কাজিরবেড় ইউনিয়নের বর্তমান মেম্বর ও ছাত্রলীগের মহেশপুর পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ স্বপন তাদের জমির উপর যেতে দিচ্ছেন না। স্বপন নিজেই ভুমিহীনদের দেওয়া জমি জোর করে দখলে রেখে ধান চাষ করে খাচ্ছেন। ভুমিহীন মসলেম উদ্দীন জানান, প্রতিবছর বন্দোবস্তের টাকা সরকারের ঘরে জমা দিচ্ছি। কিন্তু জমির উপর যেতে পারছি না। জমির কর দিচ্ছেন ভুমিহীনরা আর চাষ করে খাচ্ছেন প্রভাবশালী মেম্বর স্বপন। জীবনের ভয়ে ভুমিহীন মসলেম ও সৈয়দ আলী প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না।

এদিকে জমির দখল পেতে দুই ভুমিহীন সদস্য সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন বলে জানান। এ ব্যাপারে মহেশপুর পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাজিরবেড় ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল্লাহ স্বপন জানান, যারা ওই জমি বন্দোবস্ত নিয়েছেন তারা আসলে ভুমিহীন না। যে কারনে তিনি ওই ব্যক্তিদের জমির দখল দেননি। জমিটি বর্তমানে তারই দখল আছে বলেও তিনি স্বীকার করেন। জমি চাষ করে খাইলেও সরকারকে কোন কর বা খাজনা দেন না বালেও স্বপন স্বীকার করেন। এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, তিনি সদ্য যোগদান করেছেন। তার কাছে লিখিত আবেদন করলে তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ