ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সিটি নির্বাচনগুলোতে মানুষ সুন্দরভাবে ভোট দিয়েছে। মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। কাজেই এ নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২২ জুন) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমরা জয় লাভ করেছি। কক্সবাজার মেয়র নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন… এই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা, কোনো অভিযোগ করতে পারবে না।
যুক্তরাষ্ট্র গত মে মাসে নতুন ভিসা নীতি ঘোষণা করে বলেছে,বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেবে না মার্কিন সরকার।
বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা দেশগুলোর উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, যে সব দেশ আমাদের নির্বাচনের দিকে শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তাদেরকেও বলব, আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন বা আমাদের যে উপনির্বাচনগুলো হলো, সেই নির্বাচনগুলো দেখেন কীভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এরপর আবার কেন প্রশ্ন ওঠে ?
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ভোট চুরি করতে হয় না। যখনই স্বাধীনভাবে নির্বাচন হয়েছে তখনই জনগণের বিশাল পরিমাণ ভোট নিয়ে আওয়ামী লীগ জয়ী হয়েছে।
তিনি বলেন, প্রত্যেকটা নির্বাচনের সময় বিএনপি এ রকম সন্ত্রাসী কার্যক্রম করে। তাদের আন্দোলন যেমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মানুষকে হত্যা করা, তেমনি নির্বাচনের সময়ও তারা একই রকম কাজ করে। ভোট ডাকাতি করে তাদের জন্ম, যার কারণে তাদের অভ্যাস জনগণের ভোট ডাকাতি করা।
সরকারপ্রধান বলেন, বিএনপি জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের দল। কানাডার আদালত এ রায় দিয়েছে। বিএনপির ২০১৪ ও ’১৮ সালের অগ্নিসন্ত্রাস মানুষ ভুলে যায়নি। তাদের জনগণের প্রতি কোনো দায় নেই।
তিনি আরও বলেন, বিএনপির আমলে খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না। খুনি সন্ত্রাসী দল বিএনপির বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।


























