spot_img

ভূমধ্যসাগরে নৌকাডুবে ১৭ বাংলাদেশির করুণ মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার তিউনিসিয়ান রেড ক্রিসেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জানা যায়, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে তাদের মৃত্যু হয়।
এদিকে রয়টার্স জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে আর কোনো বাংলাদেশি রয়েছেন কি-না তাও নিশ্চিত নয় বলে জানিয়েছে তারা।
এর আগে ৮ জুলাই ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। তিউনিসিয়ার নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ জানায়, অবৈধ অভিবাসীরা লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করার সময় নৌকাটি ভেঙে ডুবে যায়। পরে সেখানে থাকা একটি তেলের ট্যাংকার থেকে তাদের উদ্ধার করা হয়।

এর আগে গত ২৪ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে আড়াইশর বেশি বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তিউনিসিয়া কোস্টগার্ড জানায়, তিন মিসরীয় নাগরিক এবং ২৬৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যেতে চাচ্ছিলেন। মাঝসমুদ্রে নৌকাটি বিকল হয়ে গেলে বিপদে পড়েন তারা।

এর মাত্র তিনদিন পরেই সাগরে ভাসমান অবস্থায় ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধার করা হয় দুটি মরদেহও। উদ্ধার ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। অন্যরা ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ