ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

জাফর ইকবালের জোড়া গোলে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
আজ ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন জাফর। ম্যাচের ৮১তম মিনিটে গোল করে যুব টাইগারদের এগিয়ে দেন তিনি।
তিন মিনিটের ব্যবধানে ম্যাচের ৮৪তম মিনিটে বাংলাদেশ দলের এই প্রতিভাবান তারকা ফের গোল করে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন সফরকারীদের।
শেষ ম্যাচে জিতে নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন জাফর ইকবালরা।
তবে শিরোপার জন্য তাকিয়ে থাকতে হবে নেপাল-ভারত ম্যাচের দিকে।
সমীকরণটা ছিল এমন যে, শেষ ম্যাচে বাংলাদেশকে জিততে হবে ভুটানের বিপক্ষে। আর নেপালকে হারতে হবে ভারতের কাছে।
বাংলাদেশ তাদের কাজটা ঠিকভাবেই করেছে।
অবশ্য নেপাল ও ভারতের ম্যাচটি ড্র হলেও চলবে। সেক্ষেত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। কিন্তু নেপাল জিতলে বাংলাদেশকে আগে হারানোর জন্য শিরোপা ধরে রাখবে তারাই।


























