ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

ফের ভারতের মাটিতে ঢুকে পড়ার হুমকি দিল চীন। ‘ভারতের যুক্তি মত সত্যিই ঢুকে পড়লে কিন্তু চরম বিশৃঙ্খলা তৈরি হবে’। এই ভাষাতেই নয়াদিল্লিতে হুমকি দিয়েছে বেজিং। ডোকলাম নিয়ে ভারতের তোলা আপত্তিকে ‘অযৌক্তিক’ বলে খণ্ডন করে কার্যত পরোক্ষে হুমকি দিল চীনা সেনা।
মঙ্গলবার, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তরফে বলা হয়েছে, ডোকলামে চীন সড়ক নির্মাণ করলে তাদের সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হবে বলে যে অভিযোগ তুলেছে ভারত, তা একেবারে ‘হাস্যকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত’। বেজিংয়ের দাবি, ভারতও সীমান্তে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন করে চলেছে। এখন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অছিলায় চীনা সেনা যদি সেদেশে ঢোকে, তাহলে ‘চরম বিশৃঙ্খল’ পরিস্থিতি তৈরি হবে।
চীন জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনও ব্যক্তি বা দেশের অনধিকার প্রবেশ তারা মেনে নেবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনউইং জানান, চীনের সড়ক নির্মাণের অজুহাতে ভারতীয় সেনা অবৈধভাবে সীমান্তপার করেছে। তিনি যোগ করেন, সেক্ষেত্রে চীনও মনে করতেই পারে, সীমান্তে ভারতের বিপুল পরিকাঠামো-উন্নয়নের কাজে তাদের সীমান্ত-সমস্যা হচ্ছে, তাহলে তারাও ভারতে প্রবেশ করতে পারে। তখন ‘চরম বিশৃঙ্খল’ পরিস্থিতি হবে কি না, প্রশ্ন হুয়ার।
প্রসঙ্গত, গত দুমাস ধরে ভারত-চীন সীমান্তের সিকিম সেক্টরে ডোকলামে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে দুদেশের সেনার মধ্যে। কোনও দেশই সেনা সরাতে রাজি নয়।
//kk247


























