হাসনাইন খোরশেদ , জনতারআদালত.কম , ১০ জুলাই, ২০১৭ ।

সন্ত্রাসবাদে জড়িয়ে ৮৫০ জন বিভিন্ন সময় ব্রিটেন ছেড়েছে বলে জানাল ব্রিটিশ প্রশাসন। এর মধ্যে ২৬৯ জনকে শনাক্ত করা গিয়েছে। এই ২৬৯ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তারা আইএস ভূখণ্ডে হামলায় মারা গিয়েছে কিংবা নিখোঁজ রয়েছে। এমনই তথ্য দিল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির তথ্যমতে, ২৬৯ জনের মধ্যে প্রায় ১৫০ জন সিরিয়া ও ইরাকে গিয়ে মারা পড়েছে বা হদিশ পাওয়া যায়নি। আর শ’খানেক ব্রিটেনে ফিরে এসে বিচারের মুখোমুখি হয়েছে। আত্মঘাতী হামলায়ও জড়িত কেউ কেউ। জানা গিয়েছে, ব্রিটেনবাসী বাংলাদেশি আবদুল মান্নান ১২ সদস্যের পরিবারের প্রধান। পরিবারে রয়েছে তাঁর তিন নাতি-নাতনি। ২০১৫ সালের এপ্রিলে মান্নানের পরিবার বাংলাদেশে ছুটি কাটানোর কথা বলে ব্রিটেনের লুটন শহর ছাড়ে। মে মাসে তারা ব্রিটেনে ফেরার জন্য রওনা হয় বাংলাদেশ থেকে।
মাঝপথে নামে তুরস্কের ইস্তাম্বুলে। সেখান থেকে নিখোঁজ হয় তিন শিশুসহ ১২ জনের গোটা পরিবার। এর দু’মাস পর আইএসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ওই পরিবার আইএস নিয়ন্ত্রিত ভূখণ্ডে রয়েছে। পরিবারের পক্ষ থেকে আইএস বিবৃতি দিয়ে জানায়, তারা আইএস ভূখণ্ডে অনেক নিরাপদে আছে।
খোঁজ নিয়ে বিবিসি জানতে পেরেছে, ব্রিটেনের কার্ডিফে থাকত সাইফুল হক। বাংলাদেশ থেকে গিয়ে পড়াশোনা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছিলেন।
২০১৫ সালের ডিসেম্বরে সিরিয়ার রাকা প্রদেশের কাছে জঙ্গিদের ওপর বিমান হামলা চালায় আমেরিকা নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলায় সাইফুলসহ ১০ জনের মৃত্যু হয় বলে ওয়াশিংটন জানায়। তখনই জানা যায়, সাইফুল আইএসের প্রযুক্তি বিভাগে যুক্ত ছিল। জঙ্গিগোষ্ঠীর হয়ে হ্যাকিং করত সে। পেন্টাগনের এক কর্তা তখন জানিয়েছিলেন, সাইফুল বহির্বিশ্বের সঙ্গে আইএসের যোগাযোগের পরিকল্পনাকারী হিসাবে কাজ করতেন।

২০১৬ সালের জানুয়ারিতে জানা যায়, সাইফুল কেবল নিজেই আইএসে যোগ দেয়নি, সঙ্গে ছিল স্ত্রী, নিজের এক সন্তান এবং ভাইয়ের শিশুসন্তানকে। সাইফুল তাঁর বাবা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদেরও একই জঙ্গি মতবাদে উদ্বুদ্ধ করেছিলেন।
আবু সইফ আল-ব্রিটেনির প্রকৃত নাম জানা যায়নি। সিরিয়ার আলেপ্পোতে আইএসের ওপর মার্কিন জোটের বিমান হামলায় ২০১৪ সালের আগস্টে সে নিহত হয়। ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অব র্যা ডিকালাইজেশন জানায়, ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। সে সৌদি আরবে ইংরেজি শেখাত।


























