রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

টানা বৃষ্টি, হালকা ঝড়ো ঠান্ডা বাতাসে জামালপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেয়ালচাপায় এক ব্যক্তির মৃত্যু এবং গাছচাপায় এক শিশু গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
লক্ষ্য করা গেছে, দুদিনের টানা বৃষ্টি, হালকা ঝড়ো ঠান্ডা বাতাসে জামালপুর জেলার সবখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে এবং পথচারীদের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে দুর্ঘটনা ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
জামালপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের চন্দ্রা এলাকায় আজ শনিবার সকালে নয়টার দিকে রেলপথের উপর একটি বড়গাছ উপড়ে পড়ে প্রায় দু’ঘন্টা ট্রেন চলাচল বিঘ্ন ঘটে।

এদিকে জামালপুর শহরের পিলখানা এলাকায় আজ শনিবার সকালে দেয়ালচাপা পড়ে আরিফ হোসেন (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃষ্টির সময় সকাল দশটার দিকে একটি সুপারী গাছ উপড়ে পড়ে। সেই গাছ কাটার সময় পাশের দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান।
অপরদিকে জামালপুর সদর উপজেলার কোজগড় গ্রামে আজ শনিবার বেলা তিনটার দিকে মেহগনি গাছ চাপায় বিজয় নামের তৃতীয় শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির দরিদ্র রিকশাচালক বাবা রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, বৃষ্টির সময় মেহগনি গাছ পড়ে তার ছেলের মাথা ফেটে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।
এ ছাড়া জেলার মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাতেও টানা দুদিনের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।


























