spot_img

বিধিনিষেধের তৃতীয় দিনে ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করেছে। ।

এডিসি ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ জনকে  গ্রেফতার করা হয়। এছাড়া প্রথম দিনে মোবাইল  কোর্ট পরিচালনা করে ২১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা ও ৩৯১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। বিধিনিষেধের প্রথম দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা জরিমানার পাশাপাশি ৭৭টি গাড়িকে  রেকারিং করে।

বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করেছে। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দ্বিতীয় দিনে সারা দেশে র‌্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো হয়। এছাড়া র‌্যাব সারাদেশে ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসব ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে বৃহস্পতিবার ১ জুলাই সকাল ৬ টা  থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ