ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৬ আগষ্ট, ২০১৭ ।

নিম্ন আদালতের বিচারকদের চাকুরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে আবার দুই সপ্তাহ সময় পেল সরকার। এর আগে গত ৩০ আগস্ট আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। তার আগে বহুবার সময় দেন আদালত।
আজ রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই আদেশ দেন।
আদালতের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানির সময় আদালত বলেন, ‘আমরা তো আইন মন্ত্রণালয়ের সঙ্গে বসতে চাই। আইনমন্ত্রী অসুস্থ এটা পেপার পড়ে জেনেছি। ওনি (আইনমন্ত্রী) অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন নাকি বাসায় ছিলেন। আমরা তো দেখতে যেতে পারতাম।’
মামলার খসড়া প্রধান বিচারপতির কাছে হস্তান্তরের পর তা গেজেট আকারে প্রকাশ সংক্রান্ত বিষয়ে গত ২৩ জুলাই শুনানি অনুষ্ঠিত হয়। তারপর সেটা আবারও পরবর্তী শুনানির জন্য আজ দিন ঠিক করেন আদালত।


























