ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বিকেলে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদেরকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।
ব্রিফিং এর বিষয়ে গতকাল রোববার সাংবাদিকদের এক ইমেইল বার্তায় বিয়টি নিশ্চিত করা হয়।
সোমবার বিকেলে ঢাকাস্থ প্রায় অর্ধশত বিদেশি কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের অধীন ৭টি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের তিনজন প্রতিনিধিকে গুরুত্বপূর্ণ এ ব্রিফিংয়ে থাকতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, সংবিধানের অধীন থেকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতায় সরকারের অঙ্গীকার ব্রিফিংয়ে পুনর্ব্যক্ত করা হবে।
সংবিধানবহির্ভূত নিরপেক্ষ বা নির্দলীয় সরকার প্রতিষ্ঠার যে দাবি নিয়ে বিরোধীরা মাঠে নেমেছে, তা কোনো অবস্থাতেই সরকারের পক্ষে মানা সম্ভব নয়। তা ছাড়া তাদের দাবিগুলোর পেছনে নাগরিক সমাজ বা বিদেশি কেউ কেউ যেসব ‘যুক্তি’ তুলে ধরছেন, তা-ও খণ্ডনের চেষ্টা করা হবে ব্রিফিংয়ে।


























