spot_img

বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে।

তিনি বলেন, ‘বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া কিছু না। সাড়ে ৮ বছরে তা প্রমাণিত হয়ে গেছে। তারা পেট্রোল বোমায় ব্যর্থ হয়েছে। এখন নাকি তারা লোহার হাতুড়ি দিয়ে আন্দোলন করবে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেনী মিনাবাড়ি এলাকায় একেএম শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

অস্ত্রের ভাষায় যারা কথা বলে তাদের পরিণতি অত্যন্ত করুণ ও ভয়াবহ উল্লেখ করে অনুষ্ঠানে কাদের বলেন, বিএনপি যতই আন্দোলনের হাক-ডাক দিক ওই পেট্রোল বোমার মতোই ব্যর্থ হবে। তারা অন্ধকারে ঢিল ছুড়ছে, তাদের আন্দোলনের সক্ষমতা নেই। সাহসও নেই। তাই তারা নতুন করে অস্ত্রের ভাষায় কথা বলছে।

সেতু মন্ত্রী বলেন, যারা অস্ত্রের ভাষায় কথা বলে তারা ক্ষমতায় গেলে দেশের কী অবস্থা হবে সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। বিএনপি জালাও পোড়াও আন্দোলন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহবান জানান।

পরে মন্ত্রী একই উপজেলার ধামগড় দশদোনা এলাকার শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও মদনপুর বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত স্কুলের উদ্বোধন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ