ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর। শুধু তাই নয়, দুদেশের সংস্কৃতি, কলা, ভাষা, জীবনধারায় বেশ সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানেও ভারত বহু গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের পাশে রয়েছে। তাই দুদেশের মধ্যেকার সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না।
পেট্রাপোল স্থল সীমান্তে অনুষ্ঠিত ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিআই) ও বিএসএফের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ।
এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ২০১৬-১৭ অর্থ বছরে দেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে যে ১৮ হাজার কোটি রুপি বাণিজ্য হয়েছিল, তা আজ বেড়ে ৩০ হাজার কোটি রুপি ছাড়িয়েছে।
সীমান্তে বিএসএফের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ‘বিএসএফ ছাড়া ভারতের স্থলসীমা সুরক্ষিত থাকতে পারে না। এই কারণে বিএসএফের প্রত্যেকটি জাওয়ানকে আমি বলি, যখন বিএসএফের জওয়ানরা সীমান্তে পাহারা দেয়, তখন দেশের সাধারণ মানুষের একেবারেই চিন্তা করার কোনো কারণ নেই।’
অমিত শাহ ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এলপিআই) চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফ’ এর ডিজি সুজয় লাল থাউসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা প্রমূখ।


























