ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৬ অক্টোবর, ২০১৭ ।

বহুদলীয় গণতন্ত্রের জিয়াউর রহমানকে পুনঃপ্রতিষ্ঠাতা বলে দেওয়া বক্তব্য এখনো ধারণ করেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। কাউকে খুশি করার জন্য এ কথা বলেননি জানিয়ে তিনি বলেন, ‘বক্তব্য তথ্যভিত্তিক।’
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সংলাপ–পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সেনা মোতায়েনের বিষয়ে সিইসি বলেন, মাঠের চাহিদা ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সেনা মোতায়েন করা হতে পারে। আর এই বিষয়টি নির্বাচন কমিশনের হাতেই থাকবে।
নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এ সময় নির্বাচনী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্সের (অপরাধকর্ম) অভিযোগ এলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান সিইসি।
আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বেলা ১১টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


























