ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

দেশের বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষদের ত্রাণ না দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরা লুটপাট করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এসময় ‘দেশে চালের দাম বিশ্বরেকর্ডে’ বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
শুক্রবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই অভিযোগ করেন।
রিজভী বলেন, গণমাধ্যমে বানভাসি অসহায় মানুষের দুঃখ-দুর্দশার চিত্র ফুটে উঠলেও সরকার বন্যাদুর্গতদের পাশে নেই। মন্ত্রী-এমপি’রা ঢাকায় বসে আরাম-আয়েশে জীবনযাপন করছেন।
তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করছে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, দুর্গত এলাকায় গিয়ে সরকারের দু’একজন মন্ত্রী ফটোসেশন করে ঢাকায় ফিরে আসছেন। আর স্থানীয় প্রশাসন সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও তা আওয়ামী লীগ নেতাকর্মীরা তা লুট করে নিয়ে যাচ্ছে। ফলে ত্রাণের দেখা পাচ্ছে না বানভাসি দুর্গত মানুষ।
এসময় বিএনপি’র পক্ষ থেকে সংশ্লিষ্ট বন্যাদুর্গত এলাকাগুলোতে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
তিনি বলেন, “আজকে গণমাধ্যমে দেখলাম, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানানোর হিড়িক পড়ে গেছে। সেখানে তিন হাজার ৫৪৬টি বাংলাদেশি সেকেন্ড হোম নির্মাণ করেছে। দেশ থেকে অবৈধভাবে অর্থ নিয়ে এসব হোম করা হয়েছে। প্রভাবশালী কারা তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সাধারণ মানুষের বুঝতে বাকি নেই- কারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তুলছে। ”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালকুদার, এম এ মালেক, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু উপস্থিত ছিলেন।


























