বগুড়া সংবাদদাতা , জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং পরে সে ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেওয়ার মামলার পলাতক দুই আসামি বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি এবং তার মা রুমি বেগমকে পাবনা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি দল পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করেছে। তবে অপর নির্যাতনকারী তুফানের স্ত্রী আশা খাতুন ধরা পড়েনি।
প্রসঙ্গত, বগুড়ার এক কিশোরীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে ১৭ জুলাই ও পরে কয়েকবার ধর্ষণ করেন শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারন। এ কাজে তাকে সহায়তা করেন তার কয়েকজন সহযোগী। এ বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন বগুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ ‘একদল সন্ত্রাসী’ গত শুক্রবার দুপুরে ওই কিশোরী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে নাপিত দিয়ে মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় ওইদিন বিকালে ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় তুফান সরকারসহ গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।


























