spot_img

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।  

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আজ সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

তবে, পোস্টাল ব্যালট থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় এ দুই আসনে গণভোট থাকছে না।

এর আগে বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার হোসেন জানান, ইতোমধ্যেই নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। নিরাপত্তা নিয়েও কোনো শঙ্কা নেই।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

এ আসনে ভোটকেন্দ্র ১৫০টি, ভোটকক্ষ ৮৩৫টি এবং মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন।

অন্যদিকে শেরপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ-এর মো. মিজানুর রহমান।

এ আসনে ভোটকেন্দ্র ১২৮টি, ভোটকক্ষ ৭৫১টি এবং ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ দুই আসনের প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ১৮ থেকে ২০ জন করে নিরাপত্তা সদস্য মোতায়েন রয়েছে। দায়িত্বে রয়েছেন ৩৬ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।

এছাড়া, কমিশনের নিজস্ব ১৮ জন পর্যবেক্ষক এবং স্থানীয় সংস্থার প্রায় ৪ শতাধিক পর্যবেক্ষক মাঠে রয়েছেন।

রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রায় ৫ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত আছেন।

ভোটারদের সুবিধার জন্য এ দুই আসনের নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার দুটি সহজ পদ্ধতি চালু করেছে ইসি। এগুলো হলো—‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ এবং হটলাইন নম্বর ১০৫। যেকোনো একটি পন্থা অবলম্বন করে সহজেই জন্য যাবে ভোটকেন্দ্র সহ নানা প্রয়োজনীয় তথ্য।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এ দু’টি আসনে নির্বাচিত হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপ-নির্বাচনের প্রয়োজন হয়।

অন্যদিকে, নির্বাচনি তফসিল ঘোষণার পর ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়।

পরে নির্বাচন কমিশন আসন দুটির জন্য উপ-নির্বাচন ও সাধারণ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ