ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১০ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, করিম আমার প্রেস সেক্রেটারি হিসেবে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, “তার দুঃখজনক মৃত্যুতে গণমাধ্যমের লোকজন তাদের সহকর্মীকে হারিয়েছে এবং আমি আমার বিশ্বস্ত কর্মকর্তাকে হারিয়েছি”।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
আজ এক শোকবার্তায় তিনি বলেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারালো।
রাষ্ট্রপ্রধান বলেন, দেশে সাংবাদিকতায় ইহসানুল করিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইহসানুল করিম ২০১৫ সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সচিব পদমর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ নিয়োগ অনুযায়ী, আগামী জুন পর্যন্ত তাঁর এই পদে মেয়াদ ছিল।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন।


























