ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৯ অক্টোবর, ২০১৭ ।

বাংলাদেশে দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটলো ফ্রিল্যান্সারদের । আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইনে অর্থ স্থানান্তরের সেবাদানকারী যুক্তরাষ্ট্রে ভিত্তিক প্রতিষ্ঠান পেপাল।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সেবার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, পেপাল চালুর মধ্য দিয়ে দেশের তরুণদের মেধা, নতুন নতুন চিন্তাধারা ও সৃজনশীল মনোভাব দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দেশে পেপাল নিয়ে আসার জন্য উদ্যোগ নেয়। ২০১২ সালে এসে এটি বাস্তবায়নের জন্য নানানভাবে চেষ্টা করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
সজীব ওয়াজেদ জয় বলেন, পেপালের ‘জুম সেবা’ এর মাধ্যমে দেশের বাইরের পেপাল অ্যাকাউন্টধারীরা সহজেই তার অ্যাকাউন্ট থেকে সরাসরি বাংলাদেশি জুম গ্রাহকের অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারবেন (ইনবাউন্ড)। এ টাকা সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে চলে আসবে। ১ হাজার ডলারের নিচে আসলে ৫ ডলার এবং এর বেশি আনলে কোনো চার্জ দিতে হবে না।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ আওয়ামী লীগ সরকার ইন্টারনেট ডাটার মূল্য ৯৯ শতাংশ কমিয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যতে ইন্টারনেট ডাটার মূল্য আরও সুলভ করা হবে।
সজীব ওয়াজেদ এ সময় দ্রুতই ইউনিয়ন পর্যায়েও ব্রডব্যান্ড সংযোগ নিয় যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।


























