মাহমুদুল হাসান রতন,ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার ৯ছাত্রীকে পিটিয়ে আহত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু। অজ্ঞান অবস্থায় ২ছাত্রীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, বিদ্যালয় চলাকালীন সময়ে সপ্তম শ্রেণির ৯ছাত্রী ২য় ক্লাশ শেষে শ্রেণিকক্ষ থেকে বারান্দায় বের হয়। ছাত্রীদের ক্লাশ থেকে বের হওয়ার ঘটনাটি প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টুর নজরে আসে।
তিনি ওই ছাত্রীদের অফিসে ডেকে নিয়ে বেধরক পিটিয়ে আহত করেন। এতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বিষমপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে লাভলী আক্তার (১৪) ও আগিয়া গ্রামের আপতাব উদ্দিনের মেয়ে তানজিলা আক্তার (১৪) জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা লাভলী ও তানজিলাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মনি, নিলা, শিমু, শিল্পী, সুমাইয়া, হালিমা ও স্বর্ণাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালে ভর্তি তানজিলা আক্তারের মা ঝর্না আক্তার জানান, মেয়ে অজ্ঞান হয়ে গেছে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি প্রধান শিক্ষক তাকে পিটিয়ে আহত করেছে। চিকিৎসারপর তানজিলার জ্ঞান ফিরেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিছিল করে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে স্লোগান দেয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু জানান, ছাত্রীরা শ্রেণি কক্ষ থেকে বারান্দায় বেড়িয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছিল। শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের শাসন করেছি।


























