spot_img

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মনিরুল সম্পাদক আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন ওই কমিটিতে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম সভাপতি এবং ডিবি মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ  এ তথ্য জানানো হয়।
এরআগে সকালে এসোসিয়েশনের ৪১তম বার্ষিক সাধারণ সভা রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ২০২১ সালের ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার ও এসোসিয়েশনের সভাপতি  মোহা. শফিকুল ইসলাম। স্বাস্থ্যবিধি  মেনে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং এসোসিয়েশনের সদস্যগণ উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের সকল ইউনিট প্রধানগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন পুলিশ ক্যাডার সার্ভিসের সদস্যদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন।  পেশাগত উৎকর্ষ আনয়নে ও সমস্যার সমাধানে এই এসোসিয়েশন  বিশেষ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, আমরা মুজিববর্ষে দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি । গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী রূপকল্প-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এক্ষেত্রে এসোসিয়েশনের ভূমিকা কি হবে তা নির্ধারণ করতে হবে। রাষ্ট্র, সমাজ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী কর্মপন্থা নির্ধারণ করতে হবে।
তিনি  পেশাকে ভালবেসে গর্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও এসোসিয়েশনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম। এরপর ২০২০ বর্ষের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও এসোসিয়েশনের  কোষাধ্যক্ষ  মো. আনিছুর রহমান।
এরপর এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন এপিবিএন’র অতিরিক্ত আইজি  মো.  মোশাররফ  হোসেন। দুইজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী ও ডিআইজি এ ওয়াই এম  বেলালুর রহমান।
সভায় করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের মৃত্যুতে  শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ