ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর পান্থপথে ‘জঙ্গি আস্তানা’ হোটেল ওলিওতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিকে ‘জঙ্গি’ সদস্য বলছে আইনশৃঙ্খলা বাহিনী।
হোটেলটির ৩০১ নম্বর কক্ষে নিহত ওই ‘জঙ্গির’ মরদেহ পড়ে আছে বলে জানায় পুলিশ।
কলাবাগান থানার এসআই সারোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোরে স্কয়ার হাসপাতালের কাছে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের ওই হোটেলটি ঘিরে ফেলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল পৌনে ১০টার দিকে চারতলা ওই ভবনের দিক থেকে বিকট বিস্ফোরণের পরপরই শুরু হয় গুলি।
বিস্ফোরণে হোটেলের চতুর্থ তলার রাস্তার দিকের অংশের দেয়াল ও গ্রিল ধসে নিচে পড়ে। চতুর্থ তলার ওই ধ্বংসস্তূপের মধ্যে একজনের দেহও পড়ে থাকতে দেখা যায় ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে। এ ছাড়া সেখান থেকে বিস্ফোরণের আওয়াজের পাশাপাশি ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। এ সময় আহত অবস্থায় একজনকে বের করে আনতে দেখা যায়। আহত ব্যক্তি অভিযানে অংশ নেওয়া সাদা পোশাকের পুলিশ সদস্য বলে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, হোটেলের যে কক্ষে বিক্ষোরণ ঘটেছে, আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক সোমবার রাতে সেটি ভাড়া নেয়।


























