ফারুক আহম্মেদ ,সুনামগঞ্জ, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

মোহনগঞ্জ থেকে ফিরে ঃ
নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি ভিডি মো. ওয়াজেব উদ্দিন, সাধারন সম্পাদক ভিডি মেজবাহ্ উদ্দিন আলমগীর, যুগ্ম সম্পাদক এমআর ইসলাম চঞ্চল, নিহত মজিবুর রহমানের ছোট ভাই কাজী হাফিজুর রহমান, ভিডি আনোয়ার হোসেন বকুল, মধু গোস্মামী, এনামূল হক, আবুল কাসেম ভূঁইয়া, আরিফুল ইসলাম, আবু তাহের তালুকদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ভিডি কাজী মজিবুর রহমান ছিলেন প্রত্যন্ত হাওর বেষ্টিত এলাকার সাধারন মানুষজনের একজন প্রকৃত সেবক। তিনি উপজেলার জৈনপুর,পাইকুরাসহ আশপাশের প্রায় ৪-৫টি গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদেরকে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। কিন্তু তার এসব কর্মকান্ডের প্রতি ঈর্ষান্বিত হয়ে দুস্কৃতিকারীরা তাকে নির্মমভাবে হত্যা করে তার লাশটি একটি খালের কুচুরী পানার নিচে ফেলে রাখে। তাই আমরা আমাদের প্রিয় সহকর্মী নিহত মজিবুর রহমান হত্যাকান্ডের মূল হুতা নূরে আলমকে অনতিবিলম্বে গ্রেপ্তারসহ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার জালালপুর-আটবাড়ি গ্রামের মৃত কাজী শামছুর রহমানের ছেলে পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমান পাশের জৈনপুর-উকিল মুন্সির বাজারে তার ব্যাবসা প্রতিষ্টান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দূস্কৃতিকারীরা তাকে তুলে নিয়ে হত্যা করে তার লাশটি ওই বাজারের অদূরে স¤্রাটের খাল নামক স্থানে কুচুরী পানার নিচে ফেলে রেখে দেয়।
পুলিশসহ এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর ২৮ সেপ্টেম্বর ওই খাল থেকে মজিবুরের অর্ধ্ব গলিত লাশ উদ্ধার করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহতের স্ত্রী শিক্ষিকা সালমা আক্তার বাদি হয়ে উপজেলার ফাগুয়া গ্রামের মৃত মোখশেদ আলীর ছেলে নূরে আলম সহ ৬ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ ওই মামলার এজাহারভূক্ত অন্য পাঁচ আসামিকে গ্রেপ্তার করলেও মামলার প্রধান আসামি নূরে আলমকে আজো গ্রেপ্তার করতে পারেনি।


























