spot_img

পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি সাম্বল রিজভি এবং ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনশেত্রু  আজ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাত করেছেন।  আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা মন্ত্রীর সঙ্গে  সাক্ষাত করেন।
ইউএনএইচসিআর প্রতিনিধির সাথে বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্বল রিজভি মন্ত্রীকে মিয়ানমারের অভ্যন্তরে তাদের সেনাবাহিনী ও বিবদমান গোষ্ঠিগুলোর চলমান সশস্ত্র সংঘাত, মিয়ানমার বাহিনীর সদস্যদের বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা, রোহিঙ্গা ক্যাম্পে জীবনযাত্রার ওপর আলোকপাত করেন।
ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত প্রায় শত বছরের পুরনো। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির বিকল্প নেই। ভারত ও চীনকে এ বিষয়ে আরও তৎপর করতে  ইউএনএইচসিআর কাজ করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষার পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে আশ্রিতদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে, যা নিজ দেশে ফিরে গিয়ে তাদের পেশাগত জীবন গড়তে সহায়ক হবে। তিনি ভাসানচরে আরও রোহিঙ্গা স্থানান্তর ও সেখানকার স্থাপনা নিয়মিত মেরামতের ওপরও গুরুত্বারোপ করেন।

এরপরই ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনশেত্রুর সাথে দ্বিপাক্ষিক বিষয়াবলী নিয়ে আন্তরিক আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশের রপ্তানি গন্তব্য হিসেবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দেশ স্পেনকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আইটি ভিলেজগুলোতে বিনিয়োগের আহবান জানান মন্ত্রী। পাশাপাশি স্পেনের সাথে ‘মাইগ্রেশন মোবিলিটি এগ্রিমেন্ট’ করার বিষয়ে নীতিগতভাবে একমত হন মন্ত্রী ও রাষ্ট্রদূত।
উল্লেখ্য, বর্তমানে গ্রিসের সাথে এই চুক্তি রয়েছে এবং ইটালি, অস্ট্রিয়া ও মাল্টার সাথে চুক্তির বিষয়ে আলাপ চলছে। রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল জানান, সেখানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি রয়েছে, যারা স্পেনের অর্থনীতিতে ভূমিকা রাখছে। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে স্পেন সফরের আমন্ত্রণ জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ