spot_img

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ২ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ২১ নভেম্বর থেকে পবিত্র রবিউল আওয়াল মাস গণনা শুরু হবে এবং আগামী ২ ডিসেম্বর (১২ রবিউল আউয়াল), শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে আজ রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার ফলে আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আবদুর রহমান, সরকারী মাদ্রাসা-ই-আলীয়ার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৩৯ হিজরি রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এমতাবস্থায়, আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৯ হিজরী (২ ডিসেম্বর) শনিবার সারাদেশে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ