নোয়াখালী প্রতিনিধি, জনতারআদালত.কম , ১০ আগষ্ট, ২০১৭ ।

নোয়াখালীতে ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতের দিকে সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভোরের দিকে ঘটনাস্থলের কিছু দূরে একই সন্দেহে আরও দুই ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে।
চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, ওই গ্রামে ক’দিন ধরে গরু চুরি হয়ে আসছিল। চোর ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা বসায়। তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে পিকআপ ভ্যানে করে সাত-আটজনের একটি দল কচ্চবিয়া গ্রামে যায়। এ সময় তাদেরকে ঘেরাও করে মারধর করে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। এ ছাড়া এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানান তিনি।
আহতরা হলেন – চরজুবলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে হেলাল (২২) ও একই এলাকার আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর (৪০)।
ওসি নিজাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আহতদের নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। আর নিহত চারজনের লাশও একই হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।


























