ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ অক্টোবর, ২০১৭ ।

একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) চলমান ধারাবাহিক সংলাপে অংশ নিয়েছে বিএনপি।
রোববার সকাল পৌনে ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায়। সকাল ১১টার দিকে এই সংলাপ শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছেন।
বিএনপির সূত্র জানায়, দলটি সংলাপে অংশ নিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে ইসিকে এক ধরনের ধারণা দেবে। এ ছাড়া নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দেয়া, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনসহ বেশ কিছু প্রস্তাব তারা তুলে ধরবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হওয়ার কথা রয়েছে। পরদিন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে এ আলোচনা পর্ব শেষ হবে।
বিএনপির প্রতিনিধিদলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ রয়েছেন।
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি।


























