spot_img

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন : মওদুদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ নভেম্বর, ২০১৭ ।

সংবিধান সংশোধন করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জনগণ আওয়ামী লীগকে মনে রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জননেতা মাওলানা ভাসানীর ৪১তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান। এসময় তিনি নির্বাচনের ৯০ দিন আগেই সংসদ ভেঙ্গে দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করার আহ্বান জানান।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ যদি এতোই জনপ্রিয় হয়, মানুষ আবারও তাদেরকে ভোট দিতে অপেক্ষা করছে, তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো এ অধিকার ফিরিয়ে দিতে পারেন।

তাহলে আমি অভিনন্দন জানাবো যদি আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে আবার নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনে।

গাজীপুর, খুলনা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের গত নির্বাচনের কথা তুলে ধরে মওদুদ বলেন, “সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছিল। এই হেরে যাওয়াটা তারা সহজে মেনে নিতে পারেনি। তাই ওইসব করপোরেশনের বিজয়ী কোনো মেয়রই, অনেকে আছেন ২ বছরেও অফিসে ঢুকতে পারেননি। এই নির্বাচন করে কী লাভ ?”

ন্যাপ সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন স্বপন, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ন্যাপ-ভাসানীর মহাসচিব গোলাম মোস্তফা আখন্দ, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা শওকত আমিন আলোচনা সভায় বক্তব্য দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ