spot_img

নিরপেক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে নির্বাচন কমিশন : এরশাদ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২১ নভেম্বর, ২০১৭ ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে । এই নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণের সুযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে পারলে  বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে। আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের রাস্তা পরিস্কার হবে।’

সাবেক রাষ্ট্রপতি মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

এরশাদ বলেছেন,  যারা তত্ত্বাবধায়ক সরকারের ধুয়াতুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন, তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন করতে হবে এবং গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি উল্লেখ করেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং যোগদানকারী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

Related Articles

spot_img

সর্বশেষ