ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ নভেম্বর, ২০১৭ ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নিখোঁজ, গুম, অপহরণের বিষয়গুলো আজকের নয়, এটি ব্রিটিশ আমল থেকেই চলছে। এর জন্য পেনাল কোড তৈরি হয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর পুলিশ লাইনস-এ নবনির্মিত ফটক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাসসহ যারা অপহরণ বা নিখোঁজ হয়েছেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।দেশে নিখোঁজের ঘটনা ঘটলে আমরা মামলা নিই। এর পর উদ্ধার তৎপরতা শুরু করি।
তার মতে, আমরা ৭৫ ভাগ ঘটনা উদঘাটন করতে পারলেও অবশিষ্ট ২৫ ভাগের কোন কিনারা করা যাচ্ছে না। নিখোঁজদের উদ্ধার করতে পারলে প্রত্যেকটি অপহরণের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, অতীতের চেয়ে দেশে আইনশৃঙ্খলা অনেক উন্নত। দেশি-বিদেশি সবাই এখন বাংলাদেশের আইনশৃঙ্খলার প্রশংসা করেছেন। তার প্রমাণ মিলেছে সম্প্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি সম্মেলনে। শুধু তাই নয়, আমাদের আচার-আচরণ, অতিথিপরায়নতা এসব কিছু নিয়েই বিদেশিরা বেশ প্রশংসা করেছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশের মহা-পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জের পুলিশর ডিআইজি এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি পাটোয়ারী, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, উর্ধতন পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের জেলা সভাপতি ডা. একিউএম রুহুল আমিনসহ চাঁদপুরের বিশিষ্টজনরা।


























