ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির বাইরে আরও একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।
জোট গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসভবনে সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক করেন।
এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিগগির জোটের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়। তবে অনেকটা গোপনে এ বৈঠক হতে থাকলেও পুলিশ টের পেয়ে ওই বাসায় দুই দফা হানা দেয়।
তখন রবের পক্ষ থেকে বলা হয়, সবাইকে রাতের খাবারের নিমন্ত্রণ করেছেন তিনি।
বৈঠকে অংশ নেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য সুব্রত চৌধুরী ও আ ও ম শফিউল্লাহ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও বজলুর রশীদ ফিরোজ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর পাশাপাশি নাগরিক সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারও সেখানে ছিলেন বলে জানা গেছে।
ওই বাসা থেকে বের হয়ে বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তারা কয়েকজন রাজনীতিবিদ যে কোনো বিষয় নিয়ে বসতেই পারেন, এক সঙ্গে চা খেতেই পারেন। কিন্তু পুলিশ সেখানে দুই দফা বাধা দিতে গিয়ে ঠিক করেনি।
খালেকুজ্জামান বলেন, বামপন্থিরা এক হোক এবং অন্যান্য প্রগতিশীল গণতান্ত্রিক দলও এক হোক। পরে সবাই মিলে একটি সম্মিলিত জোট গঠন করার প্রস্তাব করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে। তবে যে কোনোভাবে ন্যূনতম ও সাধারণ ইস্যুতে আমাদের এক হওয়া উচিত। বৈঠক শেষে আ স ম আবদুর রব বলেন, পুলিশের বাধা কাম্য নয়। স্বাধীন কাজে পুলিশের বাধা আসবে কেন? তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


























