ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশে দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোড়া আমখোলাপাড়ায় এই ল্যান্ডিং স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ। আর কলাপাড়ায় ছিলেন শ্যাম সুন্দর সিকদার।
এক হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সর্বোচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, কেবল কোম্পানি বিএসসিসিএল এবং ইসলামী ব্যাংকের ঋণের অর্থায়নে ৬৬০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এ প্রকল্পটি। এর ফলে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোকে আর বিদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে হবে না বলে সরকার আশা করছে।


























