ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় রাজশাহী, খুলনা, বরিশাল ও সাতক্ষীরা জেলা উচ্চঝুঁকিতে। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে।
রাজশাহী বিভাগ : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। তাদের মধ্যে ৬ জন করোনায় পজিটিভ ছিলেন। আর চারজন মারা যান করোনা নেগেটিভ হওয়ার পর। এছাড়া একই সময় উপসর্গ নিয়ে মারা যান আরও চারজন।
সোমবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত অবস্থায় ছয়জন এবং করোনামুক্ত হওয়ার পর পরবর্তি জটিলতায় মারা যান চারজন। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মারা যাওয়া ১৪ জনের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর দুইজন, নাটোরের চারজন ও পাবনা জেলার একজন।
খুলনা বিভাগ : খুলনা বিভাগে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছে। কই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৪২ জনের। সোমবার (১২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম বিভাগ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
বরিশাল বিভাগ : বরিশাল গত ২৪ ঘণ্টায় করোনায় পজিটিভ ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এছাড়া বরিশাল বিভাগে নতুন করে ৫৭৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল সর্বোচ্চ ৭১০ জন। সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৪ জনে।
রংপুর বিভাগ : ২৪ ঘণ্টায় রংপুরে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ১১৬ জন।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনা ও ১১ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১৭ জনের মধ্যে ৬ জন করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ১১ জন ভর্তি ছিলেন উপসর্গ নিয়ে।
অন্যদিকে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুর জেলায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, টাঙ্গাইলে ১৪ জন এবং সিলেটে ২ জন, কিশোরগঞ্জে ২ জন, কুড়িগ্রামে একজন এবং পঞ্চগড়ে একজন মারা গেছেন।


























