ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চীনের কাছ থেকে উপহার পাওয়া করোনার ১১ লাখ টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে আজ থেকে। এই টিকায় অগ্রাধিকার পাচ্ছেন মেডিক্যাল শিক্ষার্থীদের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদেশগামী জনশক্তি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মকর্তারা।
শনিবার (১৯ জুন) সকালে সাংবাদিকদের এসব কথা জানান ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
এ সময় তিনি বলেন, সিনোফার্মার টিকায় অগ্রাধকিার পাবেন মেডিকেল কলেজের ও নার্সিং শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজ ছাড়া আরও তিনটি হাসপাতালে টিকা নিতে পারবেন আগ্রহীরা। হাসপাতালগুলো হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।
এ টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ। এছাড়া টিকা কেন্দ্রের অন্যান্য ব্যবস্থাপনা আগের মতোই প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


























