ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
দেশে প্রথমবারের মতো হচ্ছে মানব টিস্যু ব্যাংক। যাতে উদ্যোগ নেয়া হয়েছে বায়োমেটেরিয়াল গবেষণার সেবা ও সুবিধা আধুনিকায়ন সম্প্রসারণের। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এর অনুমোদন দেয়া হয়েছে।
বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে আয়োজিত একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৬ কোটি ৫১ লাখ টাকা।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছে ১৭৩ কোটি ৮০ লাখ টাকা। সভায় আরো ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এ জন্য বরাদ্দ রয়েছে ১ হাজার ৯৭৬ কোটি ৬২ লাখ টাকা।
অর্থবছরের ১ম বৈঠকে এককভাবে সবচেয়ে বড় প্রকল্প ৪৯৮ কোটি টাকা ব্যয়ে দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ নির্মাণ। বরাদ্দের দিক থেকে এরপর আছে ৪৪৬ কোটি টাকায় পদ্মা বহুমুখী সেতু এলাকায় পদ্মা নদীর বাম পাড় সংরক্ষণ।
করোনাকালে ফেরত আসা শ্রমিকদের কর্মসংস্থানে ৪২৭ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি আন্ডারপাস এবং পদুয়ার বাজার ইন্টারসেকশনে ইউলুপ নির্মাণে ৫৬৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয় বৈঠকে।
এছাড়া ২০২৫ সালের মধ্যে অষ্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণে ১৪৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।


























