ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গতকাল শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম চালানের ১০ লাখ টিকা পৌঁছায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা।
সব মিলিয়ে চীন থেকে টিকা এলো ৫১ লাখ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, টিকা সংরক্ষণেও পর্যাপ্ত ব্যবস্থা তৈরি করেছে সরকার।
গণটিকা কার্যক্রম চালাতে চীনের কাছ থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে সরকার। এর আওতায় শনিবার (১৭ জুলাই) রাত ও রোববার (১৮ জুলাই) ভোরে দ্বিতীয় চালানে এলো সিনোফার্মের ২০ লাখ টিকা।
কার্গো বিমানে আসা এ চালান গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জানান, জেলা ও উপজেলা পর্যায়ে গণটিকা কার্যক্রমে ব্যবহৃত হবে এটি।
বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। শনিবারের ১০ লাখসহ সিনোফার্ম থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা এসেছে। চুক্তি অনুযায়ী, ৩ মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।
এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।


























