spot_img

দেশকে কান্না ও খুনের নদী বানিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ নভেম্বর, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে কান্না ও খুনের নদী বানিয়ে বিএনপি এখন মায়াকান্না করছে।

তিনি বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন, কাঁদতে কাঁদতে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে। বাংলাদেশকে কান্না ও খুনের নদী বানিয়ে এখন আপনারা মায়াকান্না করছেন।’

ওবায়দুল কাদের আজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর নুরজাহান ভবন চত্বরে বাংলা একাডেমীর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সাবেক উপাচার্য অধ্যাপক মযহারুল ইসলামের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্দোলনের ঘোষণা দিয়ে বিএনপি নেত্রী লন্ডনে চলে যান। বিএনপির আন্দোলন মানে ‘মরা গাঙ্গে কখনো জোয়ার আসে না’ উল্লেখ করে বলেন, পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা, গাড়ী পোড়ানো, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট ও গাছ ধ্বংস করার আন্দোলনের সাথে বাংলার মানুষ আর নেই।

তিনি বলেন, বিএনপি মানে হাওয়া ভবনের দুর্নীতি ও লুটপাট, বিএনপি মানে অগ্নিসন্ত্রাস। বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও অন্ধকারে পতিত হবে। বাংলার মানুষ আর বিএনপির অন্ধকারে আর যাবে না।

কাদের বলেন, সোয়া ৬ লাখ রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য দিয়ে শেখ হাসিনার সরকার উদারতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। অথচ বাংলাদেশের একটি রাজনৈতিক দলের তা চোখে পড়ে না।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের ভেতরে প্রতিযোগীতা থাকবে, সেটা যেন অসুস্থ না হয়। যারা উন্নয়ন করবেন আর সকলের সাথে ভাল আচরণ করবেন আগামী নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেয়া হবে। দু:সময়ের নেতাকর্মীদের কাছে টেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দলে অনুপ্রবেশকারী আগাছাদের ঠাঁই দিবেন না।

প্রফেসর মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেকের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা ইসলাম কবিতা প্রমূখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ