ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে একটি ভবনে ৩০ শয্যার ওই আইসোলেশন সেন্টার উদ্বোধন করেন স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল। ৩০ শয্যার আইসোলেশন সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য রয়েছে আলাদা নির্ধারিত শয্যা। স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের উদ্যোগে এ আইসোলেশন সেন্টারটি চালু করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সকল চিকিৎসক করোনা ইউনিটে দায়িত্ব পালন করছেন তারাই ওই নতুন আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করবেন। নতুন ওই আইসোলেশন সেন্টারে করোনা আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে।
স্থানীয় সাংসদ রাজী ফখরুল মোহাম্মদ বলেন, ৩০ শয্যার আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও বিনামূল্যে অক্সিজেন সহায়তা পাবেন। রোগী পরিবহন ও স্থানান্তরের জন্য সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে। এ আইসোলেশন সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিতে পারবেন দেবিদ্বারের মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেম ওমানী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহম্মদ কবীর, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, দেবিদ্বার হ্যালো স্বেচ্ছাসেবক লীগের উদ্যোক্তা মো. সাদ্দাম হোসেন প্রমুখ।


























