ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান মেনেই নির্বাচন হবে। কেউ যদি সে নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন থেমে থাকবে না এবং এতে অংশ নেওয়ার মতো বহু দল রয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০ তমজন্মদিন উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে কেউ যদি অংশ না নেয়, সেটার জন্য নির্বাচন বন্ধ হবে না। বহু দল আছে, যারা নির্বাচনে অংশ নেবে। দুই-একটা দল অংশ না নিলে সেই নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না ? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে, সেটা তাদের ব্যাপার।’
ওবায়দুল কাদের বলেন, আজ শেখ রাসেলের জন্মদিন। আজ আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করছি, আজকের এ দিবস রাসেল দিবস। একসঙ্গে সারা দেশে পালিত হচ্ছে। রাসেলের জন্মদিনে আনন্দের চাইতে তার নৃশংস মৃত্যুর বেদনাটাই মুখ্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলার ইতিহাসের সবচেয়ে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বঙ্গবন্ধুর ১০ বছরের শিশু সন্তান শেখ রাসেল। পৃথিবীতে অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিন্তু ১৫ আগস্টের মতো নৃশংসতা, নির্মমতার হত্যাকাণ্ড আর কোথাও হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ষড়যন্ত্রের প্রধান কারণ ছিল বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। সেই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি যারা বাংলাদেশের শুরু করেছিল, এখনো তারা সেই হীন রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি।


























