ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

নির্যাতনের কারণে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা দেবে তুরস্ক। এছাড়া তুরস্ক রোহিঙ্গাদের জন্য শিগগিরই ১৩ টি আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী প্রদান করবে।
সফররত তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপির সঙ্গে তার সচিবালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতকালে একথা জানান।
রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে আহমেদ রফিক বলেন, আমরা মিয়ানমার থেকে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেব। এছাড়া রোহিঙ্গাদের জন্য শিগগিরই ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দেয়ার কথাও জানান আহমেদ রফিক।
এ সময় তিনি জানান, তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন।


























