রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ শনিবার তিন জেলার আতংক শীর্ষ ডাকাত আব্দুস সোবাহান নান্ডুকে গ্রেপ্তার করেছে। দেওয়ানগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চল চর আমখাওয়া ইউনিয়নের মিতালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সহিজল হক ও মমতাজ উদ্দিন এ অভিযানে অংশ নেন। ফুলছড়ির ফজলুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানিয়েছেন, নান্ডু ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হলে ফজলুপুর ইউনিয়নের স্থানীয় লোকজন উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে। ফুলছড়ি থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নান্ডুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গাইবান্ধা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, নান্ডু ও তার সহযোগীরা জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নৌপথে চলাচলকারী নৌযানে এবং চরাঞ্চলে মানুষের ঘরবাড়িতে হানা দিয়ে সম্পদ ও গবাদি পশু ডাকাতি করে নিয়ে যেতো। ওই এলাকায় নান্ডু ডাকাত একটি আতংকিত নাম। সম্প্রতি জামালপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম এই তিন জেলার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ফজলুপুর উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মুস্তাছিনুর রহমান নান্ডু ডাকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


























