ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৩ জুলাই, ২০১৭ ।

শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা তিন দিনের সফরে ঢাকা এসেছেন।
প্রেসিডেন্টকে বহন করা শ্রীলংকার একটি বিশেষ বিমান বৃহস্পতিবার সকাল ১১টা ২৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। এ সময় শ্রীলংকার প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠক শেষে ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। শ্রীলংকার প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ঢাকার প্রধান প্রধান সড়ক বাংলাদেশ ও শ্রীলংকার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। কোথাও কোথাও শোভা পাচ্ছে শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা, বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। নগরীর বিভিন্ন স্থানে টানানো হয়েছে বর্ণিল পতাকা ও অতিথিকে স্বাগত জানিয়ে নানা বর্ণের ফেস্টুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার এ সফর।
বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, কূটনৈতিক কোরের ডিন, পররাষ্ট্রসচিব শহীদুল হক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং তিন বাহিনীর প্রধানগণ।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
শুক্রবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন সিরিসেনা। সেখানে তার সম্মানে দেওয়া এক ভোজেও অংশ নেবেন তিনি। শনিবার ঢাকা ছাড়ার আগে এক বাণিজ্য সংলাপে অংশ নেবেন তিনি।


























